রাসেল চৌধুরী,স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও দোয়া কামনা করেছেন ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক মো. শাহীন ফারুক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরেন। এলাকার সাধারণ মানুষের মতে, ৩ নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে শাহীন ফারুক নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সভাপতি মো. মোজাম্মেল হোসেন দুলাল, ইউনিয়ন বিএনপির সদস্য মো. জামশেদ আলম, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মো. খোকন, ইউনিয়ন যুবদল সদস্য মোজাম্মেল হোসেন এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজের রাজনৈতিক ত্যাগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মো. শাহীন ফারুক বলেন, বিগত সময়ে তিনি কারাভোগ করেছেন, হামলা-লুটপাটের শিকার হয়েছেন এবং ৩২টি মামলার আসামি হলেও কখনো বিএনপির হাল ছাড়েননি। একজন সক্রিয় কর্মী ও নেতা হিসেবে তিনি এলাকার মানুষের সেবায় এবং সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী।
তিনি আরও জানান, বিএনপির সিদ্ধান্ত এবং মিরসরাই উপজেলা বিএনপির সাংসদ আলহাজ্ব নুরুল আমিনের নির্দেশনা অনুযায়ী এখন থেকে তিনি নিয়মিত ওয়ার্ডের মাঠে-ময়দানে থেকে জনগণের পাশে থাকবেন।