চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘বোতল রনি’ গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি মো. ইসমাইল হোসেন ওরফে ‘বোতল রনি’কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা ৫ নম্বর ওয়ার্ডের কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন ওরফে বোতল রনি (পিতা: মো. মাসুদুর রহমান) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যম বুড়িশ্চর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার বোতল রনির বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৩টি মামলা রয়েছে।

এছাড়া হাটহাজারী থানাসহ বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *