বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ৩

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় পিতা, পুত্র ও পুত্রবধূসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— কেরামত আলীর ছেলে ছলেমান বয়াতি, তার ছেলে আব্বাস আলী এবং পুত্রবধূ রূপবান। এদের মধ্যে ছলেমান বয়াতি ও রূপবানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন ছলেমান বয়াতির পরিবারের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় একই এলাকার রবিআলমের ছেলে সাকিল, রত্তনের ছেলে মনজু, বশিরের ছেলে মামুন ও মমিন, রফিকের ছেলে ছালাউদ্দিন এবং হেজনের ছেলে আব্বাসসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ছলেমান বয়াতি ও রূপবানের অবস্থার অবনতি ঘটলে তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন।

এলাকাবাসীর অভিযোগ, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক জমি দখল ও লুটপাটের অপচেষ্টা চালিয়ে আসছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাব আলী জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *