বাউফলে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মো. রফিক মৃধার ছেলে মো. ফয়সাল মৃধা (২২) এবং একই গ্রামের মো. ইউনুছ মৃধার ছেলে মো. রুবেল হোসেন (২০)।

পুলিশ জানায়, বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের দায়িত্বে এলাকায় অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টার দিকে নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে ফয়সাল মৃধা ও রুবেল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *