জনসেবা পবিত্র আমানত’—বালুয়াকান্দিকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নাজিম লাভলুর

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নাজিম লাভলু। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করেন।

শনিবার দিনব্যাপী আব্দুল্লাহপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা, ৭১ নম্বর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা এবং বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন নাজিম লাভলু। তিনি প্রবীণ ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে নাজিম লাভলু বলেন, “জনসেবা কোনো ক্ষমতা প্রদর্শনের মাধ্যম নয়, এটি একটি পবিত্র আমানত। আপনারা আমাকে সুযোগ দিলে আব্দুল্লাহপুরসহ পুরো বালুয়াকান্দি ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করার পাশাপাশি উন্নত রাস্তাঘাট ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসম্পন্ন একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।”

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, প্রবীণ-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমর্থকরা নাজিম লাভলুর গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *