তরুণ উদ্যোক্তাদের জন্য বছরে ৫ হাজার ঋণ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি : তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য গঠিত এ তহবিলের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকও জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। সাধারণ মানুষের কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদনের তথ্য দিয়ে তিনি বলেন, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগে ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ আদালত দিয়েছেন বলে জানান তিনি।

প্রবাসী আয়ের বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রবাসীরা প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর তথ্যও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *