নিজস্ব প্রতিনিধি : দেশীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের বিশেষ সম্মাননা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পান। এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল, আওকাত হোসেন এবং কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
সম্মাননা গ্রহণের পর ফরিদুর রেজা সাগর বলেন, “চলচ্চিত্র পরিচালক সমিতি ও মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই এভাবে একত্রিত থাকলে আমাদের চলচ্চিত্র আরও এগিয়ে যাবে।”
গুণীজনদের সম্মানিত করার প্রেক্ষাপট তুলে ধরে পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, “যেসব গুণী নির্মাতাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র এগিয়ে গেছে, বর্তমান প্রজন্মের সঙ্গে তাঁদের পরিচয় ও যোগাযোগ রক্ষা করতেই এই উদ্যোগ।” অন্যদিকে সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল জানান, প্রতি বছর ৩ আগস্ট দিনটি পালনের পরিকল্পনা রয়েছে তাঁদের, কারণ ১৯৫৬ সালের এই দিনেই মুক্তি পেয়েছিল প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, “আগের সিনেমাগুলো শুধুই দেখার ছিল না, আমাদের হৃদয়ে গেঁথে থাকত এবং ইতিবাচক বার্তা দিত। আমরা সবাই মিলে এমন চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করব, যা সমাজকে পরিবর্তন করবে এবং সাধারণ মানুষের কথা বলবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা দিঘী এবং সঙ্গীত পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল।