বিদেশি রিভলভার, গুলি ও বিপুল মাদক উদ্ধার; ৪৪টি মামলা
নিজস্ব প্রতিনিধি: রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুরে সর্বোচ্চ ১৩৬ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে নগদ এক হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয় এবং একজন ভিকটিমকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।