নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু গতানুগতিক মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের মাঠপর্যায়ে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা অনুযায়ী, মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কর্মসূচির সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে স্থানীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।
প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে তারা এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন।
মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। টেলিভিশনে জনসচেতনতামূলক অনুষ্ঠান প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ডেঙ্গু প্রতিরোধের বার্তা প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।