রাজধানীর বাজারে সবজির দামে হঠাৎ ঝাঁজ, সপ্তাহে বেড়েছে ৪০ টাকা

নিজস্ব প্রতিনিধি: নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যেই রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে শিম ২২০ থেকে ২৩০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে সবজির বাজারে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য সবজির তুলনায় শিমের দাম সবচেয়ে বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল প্রায় ২০০ টাকা। একই সময়ে কাঁচামরিচের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে এখন ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গোল বেগুনের দামও বেড়েছে। সাদা গোল বেগুন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও লম্বা বেগুন পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। গত সপ্তাহে বেগুনের দাম ছিল ১০০ থেকে ১৪০ টাকা কেজি।

এ ছাড়া বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, করলা ১০০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ফুলকপি ৮০ থেকে ৯০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা এবং পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আকারভেদে প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকা এবং এক হালি লেবু ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

রামপুরা কাঁচাবাজারের ব্যবসায়ী শাহ আলম বলেন, বর্ষা মৌসুম শেষ হলেও এখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এতে ক্ষেত থেকে সবজি সংগ্রহ ও বাজারে পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।

বারিধারা ডিওএইচএস সংলগ্ন কাঁচাবাজারের বিক্রেতা মো. ফিরোজ বলেন, বর্ষা-পরবর্তী সময়ে সবজির দাম বাড়া নতুন ঘটনা নয়। বৃষ্টির প্রভাব পুরোপুরি কেটে গেলে এবং শীতকালীন সবজি পর্যাপ্ত পরিমাণে বাজারে আসতে শুরু করলে দাম কমতে পারে।

এদিকে সবজির বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, প্রায় সব ধরনের সবজির দামই আগের তুলনায় বেশি। বিশেষ করে শিম ও বেগুনের মতো কয়েকটি সবজি কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।

জোয়ার সাহারা বাজারে সবজি কিনতে আসা রায়হান হোসেন বলেন, তিনি চাকরিজীবী হওয়ায় সাধারণত একসঙ্গে কয়েক দিনের সবজি ও মাছ কিনে রাখেন। কিন্তু এবার বাজারে এসে গত সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যের দামই বেশি মনে হয়েছে। কিছু সবজি কিনতে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি দিতে হয়েছে। দাম বাড়লেও প্রয়োজনীয় খাবার কেনা বন্ধ করার সুযোগ নেই।

বিক্রেতাদের মতে, পাইকারি বাজারে সবজির দাম কমলে এর প্রভাব খুচরা বাজারেও পড়বে। তবে বর্ষা-পরবর্তী সময়ে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবজির বাড়তি দাম আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *