নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমানে সমাজে সংঘটিত অধিকাংশ অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। মাদককে কেন্দ্র করেই নানা ধরনের অপরাধ বাড়ছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন কম কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর থানা পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী কাপাসিয়া এলাকায় গরু চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জেলা প্রশাসন ও মহানগর প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার জসীমউদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।