ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে সম্ভাব্য প্রার্থীদের নাম জানানো হয়।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত।

মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেবে। এরই মধ্যে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্ধারিত সময়ে তাদের নাম ঘোষণা করা হবে।

দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দলটির ঢাকা মহানগর উত্তর শাখার আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে আবু সাদিক কায়েমকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি)।

মোহাম্মদ সেলিম উদ্দিন এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমিরের দায়িত্বে রয়েছেন।

আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *