নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়তে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ, সৃজনশীল, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানী।
আজ বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি ভিন্নভাবে চিন্তা করা, সমস্যার সমাধান করা এবং সহনশীলতা ও মানবিক মূল্যবোধ শেখার কেন্দ্র। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মেধার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হবে, যারা সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়াবে।”
শিক্ষা ও অর্থনীতির রূপরেখা তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে দেশ গঠনে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার ফলাফল শুধু জার্নালে সীমাবদ্ধ না রেখে তা যেন স্থানীয় মানুষের কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও প্রযুক্তির মতো বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে আসে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এবং জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ।
এর আগে সকালে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।