নিজস্ব প্রতিনিধি : মিষ্টি খাওয়ার কিছু টাকা উপার্জনের আশায় বাবার অটোভ্যানটি নিয়ে বের হয়েছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুর রহমান (১১)। কিন্তু সেই মিষ্টি আর খাওয়া হয়নি তার, বাড়িও ফেরা হয়নি জ্যান্ত। পরদিন সকালে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে এই শিশুর লাশ।
নিহত আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. আমিরুল ইসলাম আম্বুর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে মিষ্টি খাওয়ার টাকা জোটাতে বাবার অটোভ্যানটি নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রহমান। এর পর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া-লোহাগাড়া (খাজারমোড়) সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে রহমানের লাশ শনাক্ত করেন।
স্থানীয়দের ধারণা, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিশু রহমানকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, প্রাথমিক আলামত দেখে অটোভ্যান ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।