সৌদি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, স্থানীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মারিব এলাকায় সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থী হুতিরা। বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর তৎপরতায় সহায়তার সময় যুদ্ধবিমানটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনে স্থানীয়ভাবে তৈরি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের ও জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে হুতিদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়ে থাকতে পারে। তবে হুতিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ২০১৫ সাল থেকে সংঘাত চলছে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হয় সৌদি নেতৃত্বাধীন জোট।

সাম্প্রতিক ইরান-সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও হুতিদের মধ্যকার পুরোনো বিরোধও নতুন করে আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন নিক্ষেপ করেছে। এ ঘটনার পর মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *