নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার কলি (১০) নির্মম হত্যাকাণ্ডের মূলহোতা মোস্তফা প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
নিখোঁজের সাতদিন পর গত ১৬ সেপ্টেম্বর সকালে বাসার পাশের একটি ডোবা থেকে কলির খণ্ড-বিখণ্ড বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। হত্যাকাণ্ডে যুক্ত অন্য একজন পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ও জিজ্ঞাসাবাদে রয়েছে।
এদিকে এই নৃশংস ঘটনার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন।