মো: তৌফিক ইকবাল মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ব্যক্তিমালিকানাধীন জমি ও চলাচলের রাস্তার ওপর দিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস ড্রপ তার স্থাপনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট স্থানে বিদ্যুৎ সংযোগ স্থাপন করায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ভূমিকা ও আইন অনুসরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
অভিযোগকারী তিনজন হলেন মো. ফারুক হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান (এসআই) ও শামসুর রহমান। অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে ফারুক হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বরাবর লিখিত অভিযোগ করেন। এতে তাঁর ব্যক্তিমালিকানাধীন জমি ও চলাচলের রাস্তার ওপর দিয়ে সার্ভিস ড্রপ তার নেওয়ার উদ্যোগের বিষয়ে আপত্তি জানানো হয়।
অভিযোগকারীদের আশঙ্কা, এভাবে তার স্থাপন করা হলে ভবিষ্যতে ওই জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাঁদের দাবি, লিখিত অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট স্থানে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জানান, তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বিদ্যুতের লাইন রাস্তার ওপর দিয়েই যাবে, সেটি যার জমিই হোক না কেন।
তবে এ বক্তব্যের পর আইনগত কিছু প্রশ্ন সামনে এসেছে। বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৬ ও ১৩ ধারায় বিদ্যুৎ লাইন স্থাপন এবং ভূমি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি ও শর্তের কথা বলা হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নোটিশ, অনুমোদন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছে কি না, তা জানা জরুরি।
বিশেষ করে জমিটি ব্যক্তিমালিকানাধীন, নাকি জনসাধারণের চলাচলের রাস্তা—তা যাচাই করা হয়েছিল কি না এবং সংযোগ স্থাপনের নকশায় বিকল্প পথ বিবেচনা করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
অভিযোগকারীরা বলছেন, তাঁরা বিদ্যুৎ সংযোগের বিরোধিতা করছেন না; বরং ব্যক্তিগত জমি ও চলাচলের রাস্তার ওপর দিয়ে তার নেওয়ার কারণে সম্ভাব্য প্রতিবন্ধকতার নিরপেক্ষ সমাধান চান।
এ অবস্থায় লিখিত অভিযোগের পরও কেন সংযোগ স্থাপন করা হলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন অভিযোগকারীরা। তাঁরা বিষয়টি পুনরায় সরেজমিন তদন্ত, অনুমোদিত নকশা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।