মোঃইসমাইল সিরাজী,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সেমিনারে জাতীয় ও জেলা পর্যায়ের শুমারির সার্বিক তথ্য উপস্থাপন করেন গাইবান্ধা সদর পরিসংখ্যান কর্মকর্তা ইবনুল ফজল মন্ডল।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৯৩৪টি। এর মধ্যে স্থায়ী ইউনিট ৮৮ হাজার ১২৯টি, অস্থায়ী ইউনিট ১০ হাজার ৩৪৩টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ১ লাখ ৬ হাজার ৪৬২টি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জনাব আবু সালেহ মো. রব্বানী।তিনি বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির প্রকৃত চিত্র তুলে ধরতেই দীর্ঘ ১০ বছর পর এই অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন রফিকুজ্জামান, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল ইসলাম সুমেল এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।