খেলাধুলা ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। দিল্লিতে অনুশীলনের সময় পিঠে চোট পেয়েছেন দলের উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। ফলে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনের প্রায় ৪৫ মিনিটের শেষ দিকে পেসার নবদীপ সাইনির একটি বাউন্সার খেলতে গিয়ে পিঠে অস্বস্তি অনুভব করেন ইশান। এরপরই ব্যাটিং বন্ধ করে দেন তিনি। দলের ফিজিও দ্রুত তার কাছে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আর নেটে ফেরেননি এই ব্যাটার।
চিকিৎসা নেওয়ার পর অবশ্য কারও সহায়তা ছাড়াই হেঁটে মাঠ ছাড়েন ইশান। পরে সতীর্থদের সঙ্গে আইস বক্সের ওপর বসে কিছু সময় বিশ্রাম নিতেও দেখা যায় তাকে।
অনুশীলন শেষে নবদীপ সাইনির সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ইশানকে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার চোট গুরুতর নাও হতে পারে। তবে প্রথম টি-টোয়েন্টিতে তার খেলার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইশান কিষাণ। এ বছর ২৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮১২ রান। সম্প্রতি ইস্ট জোনকে নেতৃত্ব দিয়ে দুলীপ ট্রফিও জিতেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ইশানের শারীরিক অবস্থার ওপর নজর রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে টপ অর্ডারে বৈভব সূর্যবংশীকে বিবেচনা করা হতে পারে। আর উইকেটকিপিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে।