মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘আকবর আলী হলে’ বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। তিনি আকবর আলী হল প্রাঙ্গণে একটি ফলজ চারা রোপণ করেন। পরবর্তীতে হল চত্বর ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এম আকবর আলী বলেন, “পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে।” এসময় তিনি সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানো ও তা সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।