সুমন কুমার ঘোষ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেল ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
র্যালি শেষে ‘সবার বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক মোজাফফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
আলোচনা সভায় বক্তারা যুবদলের দীর্ঘ ঐতিহ্য, রাজনৈতিক সংগ্রাম ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।