কে এম শফিউল আলম, বিশেষ প্রতিনিধি: রাজধানীর মতিঝিল থানায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে বাদী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী মারিয়া আক্তার রামিসাকে ঘিরে দায়ের করা এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাদী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পরিবারের অভিযোগ, মামলার ১ নম্বর আসামি মো. রাকিব হোসেনের মা জামিনে মুক্ত হয়ে আসার পর থেকেই তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়ছেন।
মামলাসংক্রান্ত নথিসূত্রে জানা যায়, মতিঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনীসহ)-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়, যার এজাহার নম্বর ১৮ (তারিখ: ১৯ আগস্ট ২০২৬)। কিশোরীর পরিবার জানায়, মাত্র ১৫ বছর বয়সী একজন কিশোরীর ওপর সংঘটিত এই যৌন সহিংসতার ঘটনা তার মর্যাদা, মানসিক ও শারীরিক সুস্থতা এবং ন্যায়বিচারের সঙ্গে সরাসরি জড়িত। এই অবস্থায় ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।